কুষ্টিয়ার মিরপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক আশকর আলী, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক, পোড়াদহ ইউনিয়ন কমান্ডার আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, খন্দকার সেলিম, আবু তাহের ও খেদ আলীসহ অনেকে।
সমাবেশে বক্তারা জানান, গত ২৪ অক্টোবর বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী তাঁর বোনের বাসা টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করেন। পরে তাঁর মরদেহ নিজ এলাকা পিরোজপুরে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান, জানাজা ও দাফনের প্রস্তুতি থাকলেও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এতে বাধা দেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, বাধার মুখে শেষ পর্যন্ত তাঁর স্ত্রী, বোন ও পরিবারের কয়েকজন সদস্য রাতের অন্ধকারে বাড়ির পাশে তাঁকে দাফন করতে বাধ্য হন।
এ ঘটনাকে একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার পরিপন্থী উল্লেখ করে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
