কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স বিআরপি এগ্রো প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে দুই ট্রাক অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর সিংপুর মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, পিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই গোডাউনে বিভিন্ন কোম্পানির সার ও কীটনাশক অবৈধভাবে সংগ্রহ করে নিজ দায়িত্বে প্যাকেটজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনে মজুত রাখা অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনগত কার্যক্রম চলমান ছিল।
