কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন তিনবারের সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোঃ সামসুজ্জামান খান এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশটি সঞ্চালনা করেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু এবং ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন।
সমাবেশে বক্তারা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এ সময় ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
