ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে সিএসই ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদনের পথে

nkantho
November 8, 2026 6:00 pm
Link Copied!

 

মেহেরপুর প্রতিনিধি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদনের পথে এগিয়ে যাচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। এতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরুর প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ইউজিসির বিশেষজ্ঞ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আটতলাবিশিষ্ট অস্থায়ী একাডেমিক ভবন সরেজমিন পরিদর্শন করেন। সিএসই ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাকির এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. কামরুল ইসলাম। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। এ ছাড়া ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ছাত্রীদের কমনরুম, মেডিকেল ইউনিটসহ শিক্ষার্থীদের জন্য নির্মিত ও প্রস্তুত করা বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পাশাপাশি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি, অবকাঠামোগত সক্ষমতা এবং সার্বিক শিক্ষা পরিবেশ পর্যবেক্ষণ করেন তাঁরা। পরিদর্শন শেষে এসব বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী Faculty of Engineering and Technology-এর অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং Faculty of Arts-এর অধীনে ইংরেজি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগ দুটির চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।

সংশ্লিষ্টরা জানান, অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রস্তুত করা হচ্ছে। ইউজিসির বিশেষজ্ঞ প্রতিনিধিদলের ইতিবাচক পর্যবেক্ষণ নতুন দুটি বিভাগের অনুমোদন প্রক্রিয়ায় আশার সঞ্চার করেছে। এর মধ্য দিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

এদিকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম দ্রুত শুরুর প্রত্যাশা করছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। তাঁদের মতে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব হলে মেহেরপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ গঠন এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।