কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ২৬ বিঘা সরকারি জমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা আরও প্রায় ১০০ বিঘা সরকারি জমি উদ্ধারে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
শনিবার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মুহাম্মদপুর ও হালসা মাঠে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। উদ্ধার করা জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের অবৈধ দখলে থাকা এসব সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসন এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
এ সময় ইউএনও আফরোজ শাহীন খসরু গণমাধ্যমকে জানান, অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা আরও প্রায় ১০০ বিঘা সরকারি জমি উদ্ধারের জোরালো চেষ্টা চলছে। সরকারি সম্পত্তি রক্ষা ও দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, সরকারি সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।
