কুষ্টিয়ার মিরপুরে সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও মানসম্মত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি অপেক্ষাগার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অপেক্ষাগারটির উদ্বোধন করেন সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা।
অপেক্ষাগারটিতে সেবাগ্রহীতা সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে নানা ধরনের নাগরিক সুবিধা। এর মধ্যে রয়েছে মায়েদের নিরাপদে মাতৃদুগ্ধ দানের ব্যবস্থা, সুপেয় পানির সুব্যবস্থা, নামাজ আদায়ের স্থান, বই পড়ার ব্যবস্থা এবং আরামদায়ক ও সুপরিসর বসার জায়গা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা বলেন, “অফিসে সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং তাঁরা যেন একটি সম্মানজনক পরিবেশ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। এই অপেক্ষাগারটি সাধারণ মানুষের সেবায় আমাদের একটি ছোট প্রয়াস মাত্র।”
অপেক্ষাগারটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্যোগী ভূমিকা পালন করেন সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা। এ কাজে সহযোগিতা করেছে স্বনামধন্য সামাজিক ও দাতব্য সংস্থা আস-সাদাকাহ ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সেবাগ্রহীতাদের স্বাচ্ছন্দ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
