কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খশরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সুস্থ জীবনযাপন ও রোগমুক্ত সমাজ গঠনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম পলক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. বদিউজ্জামান এবং মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গাফফারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
