৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় ১০টি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট ১২টি পদক জিতে কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করেছেন মিরপুর উপজেলার সদরপুর গ্রামের কৃতী সাঁতারু জুঁই আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে অংশ নিয়ে এমন অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি। জাতীয় পর্যায়ে অভাবনীয় এই কৃতিত্বের পর নিজ জেলায় ফিরলে কুষ্টিয়াবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় রাজসিক সংবর্ধনা।
এবারের প্রতিযোগিতায় ২০০, ৪০০, ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার ফ্রি-স্টাইল, ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাই, ব্যক্তিগত ইভেন্ট এবং বিভিন্ন রিলেতে অংশ নেন জুঁই। এসব ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ১০টি স্বর্ণপদক অর্জন করেন তিনি। পাশাপাশি ৪×১০০ মিটার ফ্রি-স্টাইল ও মিক্সড রিলেতে পান দুটি রৌপ্যপদক। প্রতিযোগিতায় সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসেবে একটি ই-বাইকও পেয়েছেন তিনি।
জানা যায়, জুঁইয়ের সাঁতারে হাতেখড়ি নিজ এলাকার আমলা সাগরখালী সুইমিং ক্লাবে। পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটান তিনি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করছেন এই সাঁতারু।
গত শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মজমপুর গেট বাসস্ট্যান্ডে পৌঁছালে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে তাঁকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মেজবাহউদ্দিন পিন্টু। তিনি বলেন, কুষ্টিয়ার আমলা সাঁতারচর্চার অন্যতম কেন্দ্র এবং সাঁতারু তৈরির উর্বর ভূমি। এখানকার সংগঠকেরা আন্তরিকতার সঙ্গে সাঁতারকে লালন-পালন করে যোগ্য সাঁতারু তৈরিতে কাজ করছেন। ভবিষ্যতে কুষ্টিয়াকে কেন্দ্র করে সাঁতারের উন্নয়নে আরও পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক আখতারুজ্জামান কাজল বলেন, কুষ্টিয়ার সন্তান হিসেবে জুঁইয়ের এমন অর্জনে তাঁরা গর্বিত। জাতীয় পর্যায়ে ১০টি স্বর্ণসহ ১২টি পদক অর্জন অবিশ্বাস্য সাফল্য। এ ধারাবাহিকতা ধরে রাখতে তাঁকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়া জরুরি।
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ ও সাঁতার সমর্থক আমিরুল ইসলাম বলেন, জুঁই অত্যন্ত মেধাবী ও চৌকস সাঁতারু। তাঁর ধারাবাহিক সাফল্য কুষ্টিয়ার সাঁতারের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি কাজী রফিকুর রহমান বলেন, একসময় স্থানীয় পুকুর ও জলাশয়ে সাঁতারু তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছিল, জুঁইয়ের অর্জন তারই সুফল। অন্যদিকে, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি জেলার সাঁতারুদের উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মিরপুরবাসী এবং আমলা-সদরপুরবাসীর পক্ষ থেকেও জুঁই আক্তারকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়। আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের সাবেক সাইক্লিং চ্যাম্পিয়ন মো. মোশাররফ হোসেন মুশা, সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সদস্য মো. জানারুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুল হক মিলটন, সুফি আল আসাদ বিপ্লব, রকি বিশ্বাস, শিক্ষক মো. ওবায়দুল্লাহ পিন্টু, তৌফিকুর রহমান তৌহিদ ও সাংবাদিক মামুনুল ইসলাম ঝন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত জুঁই আক্তার বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এলাকার মানুষের এমন অকৃত্রিম ভালোবাসা তাঁকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও পদক জয় করে দেশের পাশাপাশি কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করতে চান তিনি।
