কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘আমরা নতুন শিক্ষা নিকেতন’-এর ক্ষুদে শিক্ষার্থীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় সাডেন ডেথ টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মিরপুরের স্থানীয় আর ই ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের নিয়ে সাতজনের দুটি দল—লাল ও সবুজ দল গঠন করা হয়। লাল দলের অধিনায়ক ছিল শাকিব এবং সবুজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করে সাফিন।
খেলার প্রথমার্ধে লাল দলের পারভেজ ও সবুজ দলের সাফিন একটি করে গোল করে। পরে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যে সবুজ দলের সাফিন ও আরাফাত দুটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময়ের খেলা ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারেও সমতা থাকায় শেষ পর্যন্ত রেফারি ও আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাডেন ডেথ টাইব্রেকারে জয় নিশ্চিত করে সবুজ দল।
খেলা শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টসেরার হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস।
এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, শারীরিক সক্ষমতা, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
