পদ্মা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও র্যাব। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলীসহ র্যাবের একটি দল। এ ছাড়া ভেড়ামারা মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মো. আমান উল্লাহ এবং উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা অভিযানে অংশ নেন।
অভিযানের মাধ্যমে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকতে জেলেসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।
মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
