শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবীদের তালিকা প্রস্তুত এবং জরুরি সেবার মোবাইল নম্বর মন্দিরের দৃশ্যমান স্থানে প্রদর্শনের পরামর্শ দেন।
পুলিশ সুপার জানান, শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিকল্প বিদ্যুতের জন্য স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশনা দেন। পাশাপাশি আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
