কুষ্টিয়ার মিরপুরে কৃষিজমিতে সারের অপচয় রোধ, কৃত্রিম সংকট মোকাবিলা এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় প্রযুক্তিনির্ভর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। ফসলের চাহিদা অনুযায়ী সারের সঠিক মাত্রা নির্ধারণে উপজেলা কৃষি অফিসকে দেওয়া হয়েছে ১৫টি আধুনিক ‘স্মার্ট সয়েল সেন্সর’ ডিভাইস।
গত ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব ডিভাইস উপজেলা কৃষি অফিসের কাছে হস্তান্তর করা হয়। প্রান্তিক পর্যায়ে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য আইওটি-ভিত্তিক এসব ডিভাইস উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃষক পর্যায়ে এ সেবা নিশ্চিত করতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডিভাইস পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, স্মার্ট সয়েল সেন্সরের মাধ্যমে মাটির আটটি গুরুত্বপূর্ণ উপাদান পরিমাপ করা সম্ভব। বিশেষ করে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ নির্ণয় করে ফসলের প্রয়োজন অনুযায়ী সারের মাত্রা সম্পর্কে পরামর্শ দেওয়া যাবে। পাশাপাশি মাটির পিএইচ ও লবণাক্ততার মাত্রাও জানা সম্ভব হবে। ফলে অনুমানের ভিত্তিতে সার প্রয়োগের পরিবর্তে মাটির প্রকৃত অবস্থা যাচাই করে সুষম সার ব্যবহারের সুযোগ তৈরি হবে।
কৃষিজমিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার ব্যবহারের ফলে একদিকে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে মাটির উর্বরতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি অতিরিক্ত সার ব্যবহারের কারণে সারের কৃত্রিম সংকটও তৈরি হতে পারে। এসব সমস্যা থেকে উত্তরণ, কৃষকের ব্যয় কমানো এবং কৃষিকে লাভজনক করার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘সারের অতিরিক্ত ব্যবহারের কারণে সব সময় একটি কৃত্রিম সংকটের মুখোমুখি হতে হয়। একই সঙ্গে সরকারি ভর্তুকির অর্থেরও অপচয় হচ্ছে। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে কৃষকদের জন্য কিছু করার চিন্তা থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিভাগকে স্মার্ট সয়েল সেন্সর দেওয়া হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ‘কৃষি ও কৃষকের স্বার্থে উপজেলা প্রশাসনের কাছ থেকে এ ধরনের যুগোপযোগী প্রযুক্তি পেয়ে কৃষি বিভাগের কার্যক্রম আরও বেগবান হবে। ইউএনওর আন্তরিক সহযোগিতা সারের সংকট নিরসন এবং যৌক্তিক ও সুষম সার ব্যবহারে দারুণ সহায়ক হবে। এসব ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রিন্ট আকারে কৃষকের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে মিরপুরের কৃষকরা জমির মাটির প্রকৃত অবস্থা জেনে ফসলের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে পারবেন। এতে সারের অপচয় কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পথ আরও সুগম হবে।
