কুষ্টিয়ার মিরপুর পাইলট স্কুলের তিন প্রজন্মের মেগা পুনর্মিলনীকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন ১৯৪৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পাস করা সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বর্ণাঢ্য পুনর্মিলনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) ছিল পুনর্মিলনীতে অংশগ্রহণের নিবন্ধনের নির্ধারিত শেষ দিন। তবে শেষ দিনে সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিবন্ধন কার্যক্রমে ব্যাপক সাড়া পড়ে। পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় নিবন্ধনের সাড়া। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে না পারা অনেক সাবেক শিক্ষার্থী সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
সাবেক শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
দীর্ঘদিনের স্মৃতি, হারানো বন্ধুত্ব আর শৈশব-কৈশোরের সোনালি দিনগুলোতে ফিরে যাওয়ার প্রত্যাশায় এ পুনর্মিলনী ঘিরে দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে ২৬ ডিসেম্বরের এ আয়োজন। বহু বছর পর সহপাঠী, বন্ধু ও প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
