কৃষিজমিতে কী পরিমাণ সার প্রয়োগ করা প্রয়োজন কিংবা মাটির প্রকৃত স্বাস্থ্য কেমন, তা অনেক কৃষকেরই জানা নেই। ফলে অনুমানের ভিত্তিতে অতিরিক্ত সার প্রয়োগ এবং রোগবালাই দমনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এতে অনেকেই কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছেন। কৃষির এই পরিস্থিতি পরিবর্তন করে উৎপাদন খরচ কমানো ও কৃষিকে আরও লাভজনক করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
এরই অংশ হিসেবে মাটির গুণগতমান পরীক্ষা করে কৃষিজমিতে প্রয়োজনীয় সারের সঠিক মাত্রা নির্ধারণের লক্ষ্যে মিরপুর উপজেলায় বিতরণ করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট সয়েল সেন্সর’ ডিভাইস।
গত ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা কৃষি অফিসকে ১৫টি আধুনিক সয়েল সেন্সর ডিভাইস দেওয়া হয়। প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর এসব ডিভাইস উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃষক পর্যায়ে এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডিভাইস পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।
স্মার্ট সয়েল সেন্সর ডিভাইসের মাধ্যমে মাটির আটটি গুরুত্বপূর্ণ উপাদান পরিমাপ করা সম্ভব হবে। বিশেষ করে মাটিতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ নির্ণয় করে প্রয়োজনীয় সারের মাত্রা সম্পর্কে সুপারিশ পাওয়া যাবে। পাশাপাশি মাটির পিএইচ ও লবণাক্ততার মাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে জানা যাবে।
মাটির প্রকৃত অবস্থা পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী যৌক্তিক ও সুষম সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশে যখন বিভিন্ন সময়ে সারের সংকট দেখা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে জমিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার প্রয়োগ করা হচ্ছে, তখন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগ কৃষি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য ও কৃষি উৎপাদনশীলতা রক্ষায় সহায়ক হবে।
উদ্যোগটির উদ্দেশ্য সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘সারের অতিরিক্ত ব্যবহারের কারণে প্রায়ই কৃত্রিম সংকট তৈরি হয়। একই সঙ্গে সরকারি ভর্তুকির অর্থেরও অপচয় হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের পাশাপাশি কৃষকদের স্বার্থে কার্যকর কিছু করার চিন্তা থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিভাগকে স্মার্ট সয়েল সেন্সর দেওয়া হয়েছে।’
কৃষক পর্যায়ে এ প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, ‘কৃষি ও কৃষকের স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সময়োপযোগী প্রযুক্তি পেয়ে কৃষি বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ আন্তরিক সহযোগিতা সারের সংকট নিরসন এবং জমিতে যৌক্তিক ও সুষম সার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রিন্ট আকারে কৃষকের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তির এ ব্যবহার কৃষকদের অপ্রয়োজনীয় সার প্রয়োগ থেকে বিরত রাখবে, উৎপাদন ব্যয় কমাবে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।
