হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী হাসান।
মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ তাদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাদের ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।
এ বিষয়ে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’
তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাহিদুল হক। তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’
ওসি আরও জানান, মাহদী হাসানের বাসা থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচার বাসায় আইপিএসের ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ওই বাসার বিদ্যুতের মিটার পুড়ে যায়। চাচার বাসায় আগুন দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন বলে জানান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
