ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

নিউজ ডেস্ক
November 14, 2026 3:00 pm
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এ নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

ইদ্রিস আলী এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর তিনি স্থানীয়দের কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্তি পাওয়ার পর জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম বিরোধপূর্ণ জমিটি দখলে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে নিরাপত্তার আশঙ্কায় পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন বাদী।

বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।’

তিনি আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।