ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা

নিউজ ডেস্ক
November 13, 2026 3:12 am
Link Copied!

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সংসদ সদস্যের দায়ের করা এজাহার পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। মামলাটি সংবেদনশীল হওয়ায় আদালতে পাঠানোর আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। আসামিদের বিষয়ে জানতে বাদীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংসদ সদস্যের অভিযোগ, বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে রাজনৈতিক নাশকতা দাবি করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অগ্নিকাণ্ডে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। এ ছাড়া আগুনে দগ্ধ হয়ে দুটি ছাগলের মৃত্যু হয়। বাড়িটিতে কেয়ারটেকারের পরিবার বসবাস করত। সেখানে একটি গবাদিপশুর খামারও ছিল।

নুসরাত তাবাসসুমের দাদার তৈরি এই বাড়িতেই তাঁর শৈশব কেটেছে। বাড়িটির পাশেই তাঁদের তিনতলা একটি ভবন রয়েছে। করোনাকাল থেকে পরিবারের সদস্যরা ওই ভবনে বসবাস করছেন।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে বাড়িটিতে পুলিশি পাহারা বসানো হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পরে বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাতে থানায় মামলাটি দায়ের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।