চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাংবাড়িয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা মো. রেজাউল ইসলাম (৪২), মো. আমারত আলী (৩৭), মো. মিনারুল ইসলাম (৫০), মো. লালু (৪৫) ও মো. আজিজুল হক (৬৪)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
