নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা রেলস্টেশন সংলগ্ন জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গোডাউনের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে গোডাউনটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত ফতুল্লা থানা পুলিশ ও পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে ভোর আনুমানিক ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
