কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থী হিসেবে ইয়াসির আরাফাতের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ইয়াসির আরাফাতের নাম ঘোষণা করেন।
দ্বিতীয় দফায় ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম, সাংগঠনিক উপকমিটির উপপ্রধান ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ভোটারদের উদ্দেশ্যে ইয়াসির আরাফাত বলেন, “মিরপুরকে উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের পাশে থেকে কাজ করতে সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
