কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়ায় নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর কুষ্টিয়া পুলিশ লাইন্সে টিআরসি পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি যোগ্য, মেধাবী ও দক্ষ প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ ডিউটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুলিশ সদর দপ্তরের জারি করা বিভিন্ন নির্দেশনা সম্পর্কে অবহিত করেন। তিনি নিয়োগ কার্যক্রমে সততা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পরে তিনি নিয়োগ কার্যক্রমের মাঠপর্যায়ের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদারসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
