কুষ্টিয়ার মিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম। খাদ্য চাহিদা পূরণ ও প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করতে মৎস্য ও গবাদিপশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিন দিন প্রাণিজ আমিষের চাহিদা বাড়ছে। তাই প্রাণিসম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সাবরিনা মমতাজ পাপড়ি।
