ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা: হানিফসহ চার আসামির রায় বৃহস্পতিবার

nkantho
October 27, 2026 11:24 am
Link Copied!

 

 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়া, ষড়যন্ত্র এবং ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে। এ মামলায় তাঁদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

২০২৫ সালের ৫ অক্টোবর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। একই বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

চলতি বছরের ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১০ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সাক্ষী ও নথিপত্র উপস্থাপন করলে পুনরায় শুনানি ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে মামলাটি আবারও রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

এ মামলায় চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমির হোসেন মামলা পরিচালনা করেন এবং যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আগামী বৃহস্পতিবারের রায়ের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। তবে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত রায় ঘোষণার পরই জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।