কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর কলেজটি থেকে মোট ১৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। কলেজটির পাসের হার ৬২ শতাংশ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফলাফলে ধারাবাহিকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ। এর আগে ২০০৯, ২০১৬ ও ২০২৪ সালে কুষ্টিয়া জেলার মধ্যেও প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফলাফলেও মিরপুর উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, “আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় মহান আল্লাহর অশেষ রহমতে এ সাফল্য অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আগামী দিনে আরও ভালো ফলাফলের জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।”
কলেজটির এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
