কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মেয়ে জুই আক্তার ৩৫তম জাতীয় ম্যাক্স গ্রুপ সাঁতার প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় ১০টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক জিতে দেশসেরা সাঁতারু খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। অসামান্য এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসেবে পেয়েছেন একটি স্কুটি মোটরসাইকেল।
জুই আক্তার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি একসময় সাগরখালী সুইমিং ক্লাবের সাঁতারু ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জন করায় জুই আক্তারের পরিবার, স্বজন, এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন মিরপুর তথা কুষ্টিয়া জেলার জন্য গর্বের বিষয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, জুই আক্তারের এই সাফল্য নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। তাঁর হাত ধরেই দেশের সাঁতার অঙ্গন আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সবার।
জুই আক্তারের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক—এমন প্রত্যাশায় তাঁর জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন এলাকাবাসী।
