আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে আসাদুল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা পৌর বাজারের সাদা ব্রিজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী পরিচালক জানান, জেলা বীজ প্রত্যয়ন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এলাকার পাঁচ থেকে সাতটি সার, বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মান, মেয়াদ, লাইসেন্স ও দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতা যাচাই করা হয়। কয়েকটি দোকানে ছোটখাটো অনিয়ম পাওয়ায় সতর্ক করা হলেও একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। কীটনাশক ও কৃষি উপকরণ কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, নির্ধারিত মূল্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা যাচাই করার জন্য ক্রেতাদের আহ্বান জানান তিনি।
