ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক

নিউজ ডেস্ক
November 12, 2026 5:00 pm
Link Copied!

স্মার্টফোন হাতে নিয়েই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, অথচ তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক বনে যাচ্ছেন। তাদের অনেকেই ম্যাট্রিক তো দূরের কথা, ক্লাস এইটও পাস করেননি। এসব নকল সাংবাদিকের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে এসব নকল সাংবাদিক সরকারেরও ব্যাপক ক্ষতি করছে। প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও সুনাম রক্ষায় ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি এবং এ বিষয়ে সুস্পষ্ট বিধিমালা প্রণয়ন করা হবে কি না, সে বিষয়ে তিনি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া তথ্যের কারণে শুধু সংসদ সদস্যরাই নন, দেশের সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া সমীচীন হবে না। কারণ সরকার বাকস্বাধীনতায় বিশ্বাস করে। তবে সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শ ও মতবিনিময়ের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রস্তাবনা এলে তা সবচেয়ে ভালো হবে।

বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকতাকে উৎসাহিত করা এবং অপসাংবাদিকতা রোধে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।