চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি পূর্ববর্তী সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে আলোচনা করেন। পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী প্রদান করা হয়।
চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্বসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এ ছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি জেলা পুলিশের সব ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশি দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
