১৯৭১ সালের ২৬ নভেম্বর কুষ্টিয়া জেলার বর্তমান দৌলতপুর উপজেলার শেরপুর মাঠে সংঘটিত হয় জেলার অন্যতম বৃহৎ গেরিলা যুদ্ধ। এ যুদ্ধে নেতৃত্ব দেন তৎকালীন কুষ্টিয়া ই-৯-এর গ্রুপ কমান্ডার, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সহকারী ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান।
২৫ নভেম্বর রাতে আফতাব উদ্দিন খান প্রায় ১০০ জন সুসজ্জিত মুক্তিযোদ্ধার একটি দল নিয়ে শেরপুর সংলগ্ন সেনপাড়া এলাকায় অবস্থান নেন। মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের মাধ্যমে জানতে পারে। এরপর তারা পরিকল্পিতভাবে প্রায় ১৫০ জনের একটি সুসজ্জিত দল নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। ২৫ নভেম্বর মধ্যরাতে শেরপুর গ্রামের নিরীহ মানুষের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে তারা বেপরোয়া গুলিবর্ষণ শুরু করে।
হানাদার বাহিনীর উপস্থিতি ও অবস্থান সম্পর্কে জানতে পেরে মুক্তিযোদ্ধারা বর্তমান মিরপুর উপজেলার চিথলিয়া এবং দৌলতপুর উপজেলার শেরপুরের মধ্যবর্তী সাগরখালী নদীর তীরে নিজেদের অবস্থান সুদৃঢ় করেন। রাত আনুমানিক ৩টার দিকে শত্রুপক্ষকে মোকাবিলার জন্য তাঁরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন।
২৬ নভেম্বর ভোর ৫টার দিকে উভয় পক্ষ মুখোমুখি হয়। এরপর টানা ছয় ঘণ্টা ধরে চলে তুমুল যুদ্ধ। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে ৬০ জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে শেরপুর গ্রামের হাজী মেহের আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব শহীদ হন। একই গ্রামের হীরা ও আজিজুল নামে দুজন মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। এছাড়া যুদ্ধের কমান্ডার আফতাব উদ্দিন খান, মইন উদ্দিন, আবদুল জব্বার ও হায়দার আলীসহ ২০ থেকে ২৫ জন মুক্তিযোদ্ধা আহত হন।
কুষ্টিয়া জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ গেরিলা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে দৌলতপুর ও মিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় মুক্তিযোদ্ধাদের অবস্থান আরও সুদৃঢ় হয়। পরবর্তী সময়ে মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামে মুক্তিবাহিনীর একটি শক্তিশালী ঘাঁটি স্থাপন করা সম্ভব হয়।
এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মুক্তিবাহিনীর কমান্ডার আফতাব উদ্দিন খানের নেতৃত্বে ১৭০ জন মুক্তিযোদ্ধা আমলাকে শত্রুমুক্ত করেন। পরে মিরপুর থানার পুলিশ ফাঁড়িতে জাতীয় সংগীত পরিবেশন ও গান স্যালুটের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
শেরপুরের সেই ঐতিহাসিক গেরিলা যুদ্ধ কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। ২৬ নভেম্বর তাই স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।
