কৃষিকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে কুষ্টিয়ার মিরপুরে স্মার্ট সয়েল সেন্সর (মাটির গুণাগুণ পরিমাপক) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষিজমির মাটির অবস্থা ও প্রয়োজনীয় উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনে সহায়তা পাবেন কৃষকরা।
স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন, মিরপুরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসকে ১৫টি স্মার্ট সয়েল সেন্সর ডিভাইস প্রদান করা হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ব্যবহারের জন্য এসব ডিভাইস উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানের হাতে তুলে দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাঠপর্যায়ে স্মার্ট সয়েল সেন্সর ডিভাইস ব্যবহারের বাস্তব প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকদের প্রযুক্তিটির ব্যবহার, কার্যকারিতা এবং কৃষিকাজে এর প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আধুনিক কৃষি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং মাটির অবস্থা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের পরিকল্পনা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে কৃষকদের বিজ্ঞানভিত্তিক কৃষিচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও সুপরিকল্পিত করার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তারা এ ধরনের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজে আরও আধুনিক পদ্ধতি প্রয়োগ করবেন। উন্নত বিশ্বে কৃষিতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার আগে থেকেই চালু থাকলেও বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে এর ব্যবহার সম্প্রসারণ একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, মিরপুর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মিরপুরের কৃষি আরও প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানভিত্তিক ও পরিকল্পিত হয়ে উঠবে।
