মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে ব্রি-১০৩ জাতের রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক এবং ইন্টার্নি শিক্ষার্থীরা।
নমুনা শস্য কর্তন কার্যক্রমের মাধ্যমে ব্রি-১০৩ জাতের রোপা আমনের ফলন ও উৎপাদন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় কৃষি কর্মকর্তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করেন।
কৃষি বিভাগের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে উন্নত জাতের ধান চাষের আগ্রহ বাড়বে এবং আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
