কুষ্টিয়ার মিরপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘আলোর কাফেলা’র উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। বক্তব্যে তিনি নারীদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. মুসা কবির বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা ছাড়া কোনো সমাজ বা পরিবার পূর্ণাঙ্গভাবে এগিয়ে যেতে পারে না। মা-বোনেরা যখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান, তখন শুধু একটি পরিবারই স্বাবলম্বী হয় না, বরং পুরো সমাজ আলোকিত হয়। ‘আলোর কাফেলা’ সেই আলোর পথযাত্রী হওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল মাস্টার, প্রধান শিক্ষক রুহুল আমিন, বিএনপি নেতা এমদাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। আলোর কাফেলার এ সেলাই প্রশিক্ষণ কর্মসূচি নারীদের বেকারত্ব দূর করার পাশাপাশি নিজস্ব কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী নারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোর কাফেলার পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবন।
