ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সারা বাংলাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়-শিক্ষার্থী, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযুষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সিনিয়র সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সুধীজন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
