জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার মূল রহস্য দ্রুত উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সমসাময়িক পরিস্থিতিতে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
