সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাসভবনে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে চার সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে শুক্রবার দিনভর ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত, তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যবেক্ষণ করেছেন কমিটির সদস্যরা।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার সকাল থেকেই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত পরীক্ষা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ সময় পল্লী বিদ্যুতের কারিগরি দল, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরাও তদন্ত কার্যক্রমে অংশ নেন।
তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, দিনভর ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন আলামত ও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবি নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে পৃথক কারিগরি ও তদন্ত প্রতিবেদন দেবে। এসব প্রতিবেদন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
কমিটির সদস্য ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নাকচ করা হয়েছিল। ফলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
