স্থানীয় পর্যায়ে আধুনিক, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় গড়ে তোলা হচ্ছে ‘ভেড়ামারা মেডিকেল সিটি (বিএমসি)’। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, আধুনিক চিকিৎসা অবকাঠামো এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পরিচালনা কমিটি ও বিনিয়োগকারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
‘আধুনিক চিকিৎসা, মানবিক সেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভেড়ামারা মেডিকেল সিটিকে একটি সমন্বিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়। একই ছাদের নিচে হাসপাতাল, আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ভেড়ামারা মেডিকেল সিটির স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা সাংবাদিক শাহ্ জামাল।
তিনি জানান, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুরসহ আশপাশের এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য প্রায়ই কুষ্টিয়া, রাজশাহী কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি রোগীদের ভোগান্তি বাড়ে। স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসার সুযোগ তৈরি করে এ সংকট নিরসনই মেডিকেল সিটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে আধুনিক ল্যাবরেটরি, সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটাল অপারেশন থিয়েটার, লাইফ সাপোর্টসমৃদ্ধ অ্যাম্বুলেন্স এবং ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা। পর্যায়ক্রমে আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ ও এনআইসিইউ চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, আর্থিক ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা, নির্ভুল রোগ নির্ণয় এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত অতিথিরা।
সভায় উপস্থিত ছিলেন আলহেরা মডেল একাডেমি স্কুলের অধ্যক্ষ আলহাজ হাসানুজ্জামান খসরু, অরিয়ন ফার্মাসিউটিক্যালসের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা টিপু, সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান জহুরুল ইসলাম সেলিম, ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, গ্রামীণফোনের সাবেক আইটি কনসালটেন্ট রিজওয়ান হায়দার, ডা. আবদুল্লাহ আল মামুন সৈকত, মোশাররফ গার্মেন্টসের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন, ভেড়ামারা আয়রন স্টিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মিঠু, ভেড়ামারা কলেজের প্রভাষক মাহবুব ইসলাম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, মিরপুরের সাংবাদিক ও উদ্যোক্তা সাগর হোসাইন এবং আল্লারদর্গার ব্যবসায়ী রাসেল বিশ্বাস প্রমুখ।
সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করতে পরিচালনা কমিটি ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা এবং পরিকল্পিত বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উদ্যোক্তাদের প্রত্যাশা, পরিকল্পনা বাস্তবায়িত হলে ভেড়ামারা ছাড়াও মিরপুর, দৌলতপুরসহ আশপাশের অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হয়ে উঠবে ভেড়ামারা মেডিকেল সিটি।
