কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পুরাতন ও নতুন বাজারের মধ্যবর্তী জিকে প্রধানখালের ওপর নির্মাণাধীন বহুল প্রত্যাশিত সেতুর কাজ পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর হস্তক্ষেপে বন্ধ থাকা সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ আবারও শুরুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
গত প্রায় এক সপ্তাহ ধরে হঠাৎ করে সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তির আশঙ্কা দেখা দেয়।
এ পরিস্থিতিতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও উদ্বেগের কথা শোনেন।
পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ পুনরায় শুরুর উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে মিরপুর পৌরসভার পুরাতন ও নতুন বাজারের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন এলাকাবাসী।
